ইনানীর রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মরদেহ উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার, ১৭ অক্টোবর সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদরদপ্তর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিসোর্টের রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পর্যটকেরা বিপাকে পড়েন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার, ১৬ অক্টোবর রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে অবস্থান করছিলেন ১৬ জন পর্যটক।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।
প্রাথমিক তথ্যমতে, রিসোর্ট থেকে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হয়েছেন। তবে অন্যদের অবস্থান ও অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদরদপ্তর জানিয়েছে, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।