কুমিল্লায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের দাবি, পানিতে ডুবে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় বড় বোনও।

নিহত দুই শিশু হলো আসাদনগর গ্রামের ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার বড় মেয়ে সামিয়া (৯) ও মেজো মেয়ে সানিয়া (৭)। তারা স্থানীয় আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের স্বজন ও ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার দুপুরে সামিয়া ও সানিয়া বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। সাঁতার না জানা ছোট বোনকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় সামিয়া। এ সময় বড় বোনও গভীর পানিতে তলিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় পানির নিচে তার পায়ে কিছু একটা স্পর্শ করলে সন্দেহ হয় তার। পরে পানিতে ডুব দিয়ে তিনি সামিয়ার অচেতন দেহ উদ্ধার করেন। এরপর পুকুরে খোঁজাখুঁজি করে সানিয়াকেও উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা দ্রুত দুই শিশুকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী শিরিন আক্তার জানান, বিল্লাল হোসেনের তিন মেয়ের মধ্যে সামিয়া ও সানিয়া ছিল বড়। তাদের ছোট বোন মরিয়ম আক্তারের বয়স মাত্র দুই বছর। দুই কন্যাসন্তানকে একসঙ্গে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাদের মা-বাবা। এ ঘটনায় আসাদনগর গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রথম বিষয়টি জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970