‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
ফেনীর দাগনভূঞায় পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে ফোন করে নিজের সরকারি বাংলোয় ডেকেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। বাংলোয় গেলে ‘সব ঠিক করে দেওয়া’ হবে বলেও ওই নেত্রীকে আশ্বাস দেন তিনি।
তাদের কথোপকথনের একটি অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান নিজেও ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন।
ভাইরাল অডিওতে শোনা যায়, মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত নিজের বাংলোয় আসতে সনিকে বলেন ওসি। এ সময় যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসার পরামর্শ দেন তিনি।
জবাবে সনি বলেন, তিনি দাগনভূঞায় নেই, চৌদ্দগ্রামে আছেন। সেখানে থাকলে অবশ্যই আসতেন। এ সময় তিনি আরও বলেন, জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারে ভাত খেতে পারেননি, বাড়িতে এসে ভাত খেয়েছেন।
এরপর ওসি বলেন, মানুষের একটা আকর্ষণ আছে। সনি যেখানেই থাকুন না কেন, তাকে বাংলোয় চলে আসতে বলেন।
এতে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, ওসি থাকলে সব ঠিক, কোনো সমস্যা হবে না। এ সময় সনি তাকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে মনঃক্ষুণ্ন হন ওসি।
এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় ওই অডিওতে।
গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তাদের কথোপকথনের অডিওটি ফাঁস হয়।
ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ওই নারী দুর্ধর্ষ। অনেক কষ্টে তাকে গ্রেপ্তার করেছিলেন তিনি। কিন্তু জামিনে বেরিয়ে আবার পালিয়ে যান সনি। এখন তাকে আবার বুঝিয়ে বাসায় নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন।
ওসি আরও বলেন, সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে তথ্যদাতা হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা ছিল। আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, সনি নিজেই আসার কথা বলেছিলেন এবং এসে কিছু তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তিনি আসেননি। এখন পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে তাসকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন।