রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হলসহ বিভিন্ন হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

তবে এ ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হিসেবে মন্তব্য করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ একটি সংগঠন হিসেবে ছাত্রলীগের এমন কমিটি ঘোষণা বাস্তবতাবিবর্জিত ও হাস্যকর। তার মতে, সংগঠনটির নেতৃত্ব এখন পলাতক এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল এই কমিটিকে বেআইনি আখ্যা দিয়ে বলেন, এতে যুক্ত অনেকেই অতীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার অভিযোগ, শিক্ষার্থীদের ওপর হামলা, সিট বাণিজ্য ও চাঁদাবাজির মতো ঘটনায় তারা সম্পৃক্ত ছিল।

বামপন্থী সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোটের মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া একটি সংগঠনের এমন পদক্ষেপ দুঃসাহসিক। তার মতে, সাম্প্রতিক আন্দোলনের স্মৃতি এখনো মানুষের মনে থাকায় এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না। বিষয়টি নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970