জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, সদস্য মো. জাহিদ হাসান এবং এস এম তানিম হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনের শহীদের পরিবারের সদস্যকে হুমকি দেওয়া এবং দোকান দখলের চেষ্টার অভিযোগসহ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা বলেন, তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, অন্য দুই নেতাও এই ঘটনায় জড়িত নন।

অন্যদিকে এস এম তানিম হাসান বলেন, তিনি নোটিশের কারণ সম্পর্কে কিছুই জানেন না এবং তাকে কোনোভাবে অবগত করা হয়নি।

মো. জাহিদ হাসান বলেন, তিনি সংশ্লিষ্ট ঘটনাটি আগে জানতেন না। পরে সংবাদ থেকে বিষয়টি জানতে পারেন। তিনি দাবি করেন, তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

উল্লেখ্য, শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একটি পরিবহন কর্মীকে মারধর এবং কার্ট আটকে রাখার অভিযোগও রয়েছে। সংগঠনের একাধিক নেতার ধারণা, এসব ঘটনাও কারণ দর্শানোর নোটিশের পেছনে ভূমিকা রাখতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970