ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন কলেজ, যা জানা গেল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ইডেন মহিলা কলেজ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আবাসিক হলের একদল শিক্ষার্থী কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এবং ‘ইডেন কলেজে রাজনীতি চলবে না’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙারও চেষ্টা করেন।

বিক্ষোভ চলাকালে গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও প্রভাব বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মিছিল করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ বাক্যটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

কলেজের শিক্ষার্থী সুরাইয়া বেগম বলেন, ইডেন কলেজে রাজনীতি নিষিদ্ধ—এ বিষয়টি সবার জানা। গেটে এ সংক্রান্ত লেখা ছিল, কিন্তু সন্ধ্যায় সেটি মুছে ফেলা হয়েছে।

তার অভিযোগ, একটি পক্ষ আবারও ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে এনে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইডেন কলেজে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970