ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ, শহীদ মিনার এলাকা রণক্ষেত্র

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা এ নিয়োগ প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনের ধারাবাহিকতায় রোববার সকালে ক্যাম্পাসে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহীদ মিনার এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের মধ্যে বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে ঢুকে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও আহত শিক্ষার্থীদের দেখা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ও শিক্ষার্থীদের বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি থাকায় তারা দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে পারবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970