রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৪১ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মোহাম্মদ নূর ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে তার স্বজনরা জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর রোডে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের ভাতিজা ইয়াসিন জানান, বাসার নিচে অবস্থান করার সময় মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত হঠাৎ নূর ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্বজনদের তথ্য অনুযায়ী, নূর ইসলামের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহেশখালী এলাকায়। তার বাবার নাম ওয়াজেদ আলী। বর্তমানে তিনি মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় বসবাস করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় নূর ইসলামকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।
এদিকে হামলার ঘটনা সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। হামলার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।