ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেলে ফেসবুকে পরিচয় হওয়া নারী বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছেন সৌদি আরবপ্রবাসী আল আমিন (৪০)। শুক্রবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং চলতি মাসের ১৩ জুন দেশে ফেরেন।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে এক নারীর সঙ্গে আল আমিনের পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত যোগাযোগ চলছিল। বৃহস্পতিবার তাদের মধ্যে আবার কথা হয় এবং শুক্রবার রাজধানীতে সাক্ষাতের সিদ্ধান্ত নেন তারা।

নারীটির ভাষ্য অনুযায়ী, আল আমিন তার জন্য কিছু উপহার এনেছিলেন বলে জানিয়েছিলেন। সেই উপহার দেওয়ার উদ্দেশ্যে তারা গুলিস্তানে দেখা করেন। পরে দুজন একটি আবাসিক হোটেলের কক্ষে ওঠেন এবং কিছু সময় কথাবার্তা বলেন।

একপর্যায়ে আল আমিন ওয়াশরুমে গেলে কিছুক্ষণ পর ভেতর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান ওই নারী। পরে তিনি গিয়ে দেখেন, ওয়াশরুমের দরজা খোলা এবং আল আমিন মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তার চিৎকারে হোটেল কর্মচারীরা ছুটে এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে।

নিহতের ছোট ভাই রুহুল আমিন জানান, সৌদি আরব থেকে দেশে ফেরার পর আল আমিন কিছু মালামাল ও উপহার নিয়ে এসেছিলেন। ঘটনার দিন তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, এক পরিচিত ব্যক্তির কাছে কিছু জিনিসপত্র পৌঁছে দিতে ঢাকায় যাচ্ছেন। পরে তারা জানতে পারেন, একটি হোটেলের ওয়াশরুমে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের অনুমান করা সমীচীন নয়। হোটেলের সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970