জাবিতে পিটিয়ে হত্যা: এজাহারনামীয় এক শিক্ষার্থী গ্রেপ্তার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম

গাজীপুরের হোতাপাড়া থেকে গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে পিটিয়ে হত্যা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের পর মামলা করা হয়। মামলায় তিন নম্বর আসামি তিনি। 

পুলিশ জানায়, শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাকে হোতাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ খবরের কাগজকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’ 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীম আহম্মেদকে পিটিয়ে গুরুতর আহত করেন কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখানেও কয়েক দফা মারধর করা হয়। রাতে আশুলিয়া থানা-পুলিশ তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নিহত শামীম আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি জাবির ইতিহাস বিভাগের ৩৯তম আবর্তনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970