জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই বড় সুখবর দিল সরকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ এএম

ছবি: সংগৃহীত

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছে সরকার। বরং চলতি ও আগামী মাসে অতিরিক্ত ১৬টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং নিয়মিতভাবে এলএনজি আমদানি অব্যাহত আছে। বিকল্প উৎস থেকেও গ্যাস আনার প্রস্তুতি থাকায় সরবরাহ ব্যবস্থায় বড় কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, শুধু এপ্রিল মাসেই ৯টি এলএনজি কার্গো আমদানি করা হচ্ছে, যার মধ্যে ৪টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

তিনি আরও জানান, মে মাসে ১১টি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৭টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। বাকি ৪টি কার্গো কেনার প্রক্রিয়া চলছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি মাসে আমদানিকৃত কার্গোগুলোর মধ্যে কিছু এসেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে। বাকি কার্গোগুলোও এসব উৎস থেকেই আসার কথা রয়েছে।

আগামী মে মাসের জন্য ৭টি কার্গো নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৫টি স্পট বাজার থেকে এবং ২টি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনা হবে।

দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় সরকার এখন আমদানিনির্ভর এলএনজির ওপর বেশি নির্ভর করছে। এজন্য ভর্তুকি দিয়ে হলেও আমদানি অব্যাহত রাখা হচ্ছে, যাতে দেশে জ্বালানি সংকট তৈরি না হয়।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম ওঠানামার কারণে আমদানিনির্ভর দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। এর প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতেও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, বৈশ্বিক বাজার অস্থিতিশীল থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দাম কমলে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ থেকেও এলএনজি আমদানি করা যেতে পারে। এসব দেশ বাংলাদেশের তুলনামূলক কাছাকাছি হওয়ায় খরচও কম হতে পারে এবং সরবরাহ আরও সহজ হবে।

তার মতে, বিকল্প উৎস ব্যবহার বাড়াতে পারলে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970