এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে সর্বোচ্চ ফল অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা—দুই ক্ষেত্রেই কমেছে। ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং সর্বোচ্চ ফল অর্জন করেছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সেই তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ এবং সর্বোচ্চ ফল অর্জনকারীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার হয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে সর্বোচ্চ ফল অর্জন করেছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে ফলাফল প্রস্তুত করা হয়েছে। ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970