হত্যা মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১২ পিএম
রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে মিরপুর থানায় দায়ের করা সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় আসাদুজ্জামান নূর এবং মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার নামের এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়। সিয়ামের বাবা সোহাগ সরদার ১২ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন। এই মামলায় আসাদুজ্জামান নূরের নামও রয়েছে।
২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৬ সেপ্টেম্বর মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় তাকে এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।