বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫৪ পিএম
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে ঘিরে এবার প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আয়োজক দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
এর মধ্যে কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। তিনি ঢাকায় জন্মগ্রহণ করলেও শৈশব ও বড় হওয়া যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি সংগীত প্রযোজক ও ডিজে হিসেবে পরিচিত।
কানাডা ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১২ জুন টরন্টোতে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহিসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা অংশ নেবেন। অনুষ্ঠানটি কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং বিশ্বকাপ ঘিরে বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর এই আয়োজন কানাডার সংস্কৃতি এবং বিশ্বকাপ ঘিরে বিশ্বব্যাপী উন্মাদনার প্রতিফলন হবে।
আয়োজকেরা আরও জানিয়েছেন, উদ্বোধনী দিনে স্টেডিয়ামের গেট খোলা থাকবে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে থেকেই। দর্শকদের জন্য থাকবে বিশেষ বিনোদন ও নানা আয়োজন।
বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে ১১ জুন, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।