ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার, দোয়া চাইলেন চম্পা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:১১ পিএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রপথিক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার এই শারীরিক অবস্থার খবর শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
চম্পা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক খবর। তিনি কখনো ভাবেননি যে এত দ্রুত এমন খবর শুনতে হবে। তার ভাষায়, এই ঘটনা মেনে নেওয়া সত্যিই কঠিন।
তিনি আরও স্মরণ করেন, কাজের সময় ইলিয়াস কাঞ্চন বহুবার বড় দুর্ঘটনার মুখোমুখি হলেও সব বাধা পেরিয়ে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। চম্পার মতে, তিনি সবসময় সহকর্মীদের জন্য একজন পথপ্রদর্শক ছিলেন।
চম্পা বলেন, ইলিয়াস কাঞ্চন নিয়মিত ধর্ম পালন করতেন এবং অন্যদেরও ভালো পথে চলার পরামর্শ দিতেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেন তিনি।
এমন একজন মানুষকে আজ শয্যাশায়ী অবস্থায় দেখতে হবে—এটা কল্পনাও করা যায় না বলে জানান চম্পা। তিনি শেষ পর্যন্ত ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।