রাজধানীর বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানান, রিধিকার পরিবারের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম লীনা আক্তার। ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে রিধিকার সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, তা তদন্তের আওতায় রয়েছে।

রিধিকা সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় সেখানে নিজের কাজের ছবি ও বিভিন্ন আপডেট প্রকাশ করতেন তিনি। গত ৩০ জুলাই তিনি সর্বশেষ পোস্ট করেন। এরপর আর কোনো পোস্ট করেননি। এর আগে নিয়মিত কাজের আপডেট দিতেন এই অভিনেত্রী।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও নিয়মিত কাজ শুরু করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970