দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:০২ পিএম
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে।
এ সময় দেশে নতুন করে ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩১ হাজার ৯৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে চিকিৎসকরা বলছেন, আক্রান্ত সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সতর্কতা ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা জোরদার করা জরুরি।