যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে টানা চার দিন ধরে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে।

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, হতাহতের এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি কৌশলগত স্থাপনায় এক হাজারের বেশি বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও হতাহতের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে বলে জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালেও রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর থেকেই তেহরানের আকাশে যুদ্ধবিমানের গর্জন ও শক্তিশালী বিস্ফোরণে প্রকম্পিত হয় চারদিক। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানীর পাশের শিল্পনগরী কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানেও নতুন করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করলেও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। আবাসিক এলাকায় হামলার ফলে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, অনেক এলাকায় এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকতে পারেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন তেহরানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970