হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না পেয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে।
গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরানের কাছে পার হওয়ার অনুমতি চাওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নিয়ম অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। বর্তমানে কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন সমুদ্রের পানি বিশুদ্ধ করার সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ের জন্য ব্যবহার কমানো হয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে খাবারের বরাদ্দ ও ভাতা বাড়ানো হয়েছে।
করপোরেশনের তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে ইস্পাত কয়েল বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং নৌ চলাচলে ঝুঁকি তৈরি হয়। এর মধ্যে ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে নতুন গন্তব্যে যাওয়ার পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, জাহাজটির পরবর্তী গন্তব্য হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন নির্ধারিত রয়েছে, যেখানে ৩৭ হাজার টন সার নিয়ে যাওয়ার কথা রয়েছে।