সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ডের প্রধান এবং খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি সামরিক অভিযান পরিচালনা এবং শত্রু মোকাবিলায় নতুন দিকনির্দেশনা গ্রহণ করেন।

রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আলী আবদুল্লাহি সর্বোচ্চ নেতাকে দেশের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তবে এই বৈঠকটি ঠিক কবে হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আলী আবদুল্লাহি বলেন, আমেরিকান ও ইহুদিবাদী শত্রুদের যেকোনো পদক্ষেপ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে ইরান দ্রুত, কঠোর ও চূড়ান্ত জবাব দেবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কমান্ডার ও সর্বোচ্চ নেতার এই বৈঠক দুটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি; তার পক্ষ থেকে মূলত লিখিত বিবৃতি দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে এমন বৈঠকের খবর বিশেষ গুরুত্ব বহন করছে।

দ্বিতীয়ত, বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শক্তির কথিত শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলার প্রস্তুতি এবং সামরিক কৌশল।

ফারস নিউজ আরও জানায়, বৈঠকে সশস্ত্র বাহিনীর কমান্ডার শত্রু মোকাবিলায় ইরানের পূর্ণ প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন এবং সর্বোচ্চ নেতার কাছ থেকে নতুন কৌশলগত নির্দেশনা গ্রহণ করেন।

ইরানের বিভিন্ন সূত্রের বরাতে বলা হয়েছে, সেনাবাহিনীকে আরও দৃঢ়ভাবে শত্রু মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংঘাত পরিস্থিতি সামাল দিতে নতুন কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও এসেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970