হোম অফিস করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৪২ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ব্যয় কমানোর পাশাপাশি দৈনন্দিন জীবনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিকদের বাসা থেকে কাজ করা, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর মাধ্যমে দেশকে সহায়তা করা উচিত।
তিনি আরও বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ, বিদেশে গিয়ে বিয়ে অনুষ্ঠান আয়োজন এবং সোনা কেনা থেকে বিরত থাকা প্রয়োজন। একইসঙ্গে পেট্রল ও ডিজেলের ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।
নরেন্দ্র মোদি বলেন, প্রকৃত দেশপ্রেম কেবল সীমান্তে নয়, বরং দৈনন্দিন জীবনে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েও প্রকাশ পায়।
তিনি নাগরিকদের মেট্রো ও অন্যান্য গণপরিবহন ব্যবহারের পাশাপাশি একই গাড়িতে একাধিক যাত্রী যাতায়াতের ওপর গুরুত্ব দিতে বলেন। পাশাপাশি পরিবহন খাতে রেল ব্যবহারের পরামর্শও দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগের সময়ের মতো অনলাইন সভা, ভার্চুয়াল কাজ এবং বাসা থেকে কাজের সংস্কৃতি পুনরায় বাড়ানো প্রয়োজন।
বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য তিনি বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ে অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানান। পাশাপাশি আগামী এক বছর জরুরি প্রয়োজন ছাড়া সোনা না কেনার অনুরোধ করেন তিনি।
তিনি ভোজ্যতেল ব্যবহারে সংযম আনার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। জুতা, ব্যাগসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে দেশীয় পণ্যকে অগ্রাধিকার দিতে বলেন তিনি।
কৃষকদের উদ্দেশে তিনি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে সৌরশক্তিচালিত সেচব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে দেশের ভেতরে পর্যটন বাড়ানোর পরামর্শ দেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং জ্বালানি পরিবহনে বাধার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যা বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।
পরিস্থিতি জটিল হওয়ায় আন্তর্জাতিকভাবে নতুন নিরাপত্তা ও নৌপথ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকায় সংকট দ্রুত সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।