২৪ ঘণ্টায় ইসরায়েলে ১৯ দফা হামলার দাবি হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৫৮ পিএম
ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, সীমান্তঘেঁষা দখলকৃত এলাকা ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে এসব অভিযান চালানো হয়েছে।
রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি।
হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান, সামরিক যান ও সরঞ্জাম লক্ষ্য করে ভারী ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় বিস্ফোরকবোঝাই ড্রোন, আক্রমণাত্মক কোয়াডকপ্টার, ভারী কামান থেকে গোলাবর্ষণ এবং পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়।
গোষ্ঠীটি আরও জানায়, তাদের যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর লজিস্টিক সরঞ্জামের ওপর ‘নির্ভুল ও প্রাণঘাতী হামলা’ চালিয়েছে।
এদিকে ভোরে প্রকাশিত পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের আল-বাইয়াদ পৌর এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড সদর দপ্তরে দুটি আক্রমণাত্মক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া রাশাফ এলাকা থেকে হাদাথার দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজার লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীও তাদের কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা স্বীকার করেছে।
অন্যদিকে লেবাননের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আল-মারওয়ানিয়াহ, কাওথারিয়েহ আল-সাইয়্যাদ, কাকাআইয়েত এল-স্নোবার, দেইর কানুন রাস আল-আইন, ঘাসসানিয়াহ, বাইসারিয়াহ ও তেফাহতাসহ একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় সূত্রের অভিযোগ, হামলায় আবাসিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সাইদা ও নাবাতিয়েহ জেলার নয়টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে ওইসব এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।