ধর্ষণের বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:০১ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের বিচার না পাওয়ার অভিযোগে এক মাসের ব্যবধানে দুই বোনের আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে রাজপূত সম্প্রদায়সহ সাধারণ মানুষ।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে স্থানীয় একটি ই-মিত্র সেবা কেন্দ্রের অপারেটর মহিপাল গোপনে বড় বোনের আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ব্যবহার করে মহিপাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল, অর্থ আদায় এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকার করে।

নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে চলতি বছরের ২০ মার্চ আত্মহত্যা করেন বড় বোন। এরপর ১১ এপ্রিল ছোট বোন বাদী হয়ে মহিপাল, শিবরাজ, গোপাল, ভিজারাম, দিনেশ, মনোজ ও পুখরাজসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বিচার না পেলে তিনিও আত্মহত্যা করবেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং ছোট বোনকে হুমকি দিতে থাকে। এমনকি বড় বোনের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকেও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

গত শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ওই তরুণী একটি পানির ট্যাংকের ওপরে উঠে প্রতিবাদ জানান। একপর্যায়ে তিনি বিষপান করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনার পর যোধপুরজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

মারওয়ার রাজপূত সোসাইটির সভাপতি হনুমান সিং খাংটা অভিযোগ করেন, শুরু থেকেই পুলিশ অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করেছে। পুলিশের গাফিলতির কারণেই দুই বোনের প্রাণ গেছে বলে দাবি করেন তিনি।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবির মুখে প্রশাসন সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। পরে পরিবারের সম্মতিতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

যোধপুরের পুলিশ সুপার পিডি নিত্যা জানিয়েছেন, মূল অভিযুক্ত মহিপালসহ দুজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।

পাশাপাশি পুলিশি গাফিলতির অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছে প্রশাসন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970