হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, ভেতরেই ছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করার সময়ই বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন-এ অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস-এর সামনে শনিবার সন্ধ্যার পরপরই এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে হোয়াইট হাউসসংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালান।

গুলিবিনিময়ের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তবে তার পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আহত পথচারীর অবস্থা গুরুতর।

ঘটনার পর রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদে রয়েছেন এবং তিনি অক্ষত আছেন।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, গোলাগুলির সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তবে তার নিরাপত্তা বা সরকারি কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি বলেও জানানো হয়েছে।

ঘটনার পরপরই হোয়াইট হাউসে সাময়িকভাবে ‘লকডাউন’ জারি করা হয়। এ সময় কাউকে ভবনের ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়। পাশাপাশি হোয়াইট হাউসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে গুলির সময় হোয়াইট হাউসের লনে অবস্থান করা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং কক্ষে সরিয়ে নেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গোলাগুলির মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি জানান, হঠাৎ একের পর এক গুলির শব্দ শোনার পর নিরাপত্তাকর্মীরা সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেন।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি, রয়টার্স

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970