অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

হজের নির্ধারিত আইন ও বিধিনিষেধ অমান্যের অভিযোগে বাংলাদেশিসহ ১৩ জনকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ নিরাপত্তা কর্তৃপক্ষ।

প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি এলাকা ও উপত্যকার পথ ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে হজ পালনের বৈধ কোনো অনুমতিপত্র ছিল না। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল বাংলাদেশ ও ভারতের চার প্রবাসীকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন ছড়িয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। এ সময় তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া কাগজপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

এদিকে তৃতীয় অভিযানে তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় প্রবেশ করানোর চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগান নাগরিকদের কাছেও বৈধ হজ অনুমতি ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে হজের সব নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970