পাকিস্তানে সামরিক কর্মী বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:১৭ পিএম
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক কর্মী বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রোববার সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এতে আশপাশের ঘরবাড়ি ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ায় ঢেকে যাওয়া ট্রেনের বগি ও পুড়ে যাওয়া যানবাহনের দৃশ্য দেখা গেছে। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধারকর্মীদের।
সামরিক সূত্রের বরাতে জানা যায়, কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনটিতে সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। ঈদ উপলক্ষে তারা ছুটিতে যাচ্ছিলেন। কোয়েটার চামান পট্ট এলাকায় সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিতে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় জানালার কাচ ভেঙে যায় এবং আশপাশের একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
হামলার পর কোয়েটার বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বেড়ে গেছে। বিশেষ করে চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না এবং সন্ত্রাস দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।