ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:২১ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর মোস্তাক আহমেদ সাগর (২৫) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেষ স্ট্যাটাস দেওয়ার কিছু সময় পরই তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। তিনি ভারতের ফরিদাবাদের ‘মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজ’-এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকায়। তার বাবা মোশারফ হোসেন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা জানান, ঘটনার দিন সাগর ফেসবুকে একাধিক আবেগঘন পোস্ট দেন, যেখানে তিনি বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে দোয়া কামনা করেন এবং ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক হতাশার কথাও উল্লেখ করেন। পোস্টে তিনি জীবনের হতাশা, ভালোবাসা নিয়ে ব্যর্থতা এবং শেষ ইচ্ছার কথাও লেখেন।
পরিবারের দাবি, সম্প্রতি একটি সম্পর্কের জটিলতা ও মানসিক চাপে ভুগছিলেন সাগর। এতে তিনি হতাশ হয়ে পড়েন এবং দেশে ফিরতেও অস্বীকৃতি জানান।
পরে হোস্টেলের নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি ফেসবুকেও দেখেছেন এবং এটি অত্যন্ত দুঃখজনক।