দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৫২ এএম
দক্ষিণ লেবাননে গত ২ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ জন ইসরায়েলি সেনা ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৩৪৭ জন সেনাসদস্য, যার মধ্যে শুধু গত তিন দিনেই আহত হয়েছেন ৪৫ জন।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় লেবাননে সামরিক অভিযান কিছুটা সীমিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি উল্লেখ থাকলেও ইসরায়েল জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত কিছু এলাকায় তাদের সেনা মোতায়েন অব্যাহত থাকবে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২-এর খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের তথাকথিত ‘ইয়েলো লাইন’ এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলবে। বর্তমানে যেসব অবস্থানে সেনারা রয়েছে, সেখান থেকে সরে যাওয়ার কোনো নির্দেশ এখনো দেওয়া হয়নি।
অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ সময় লেবাননের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, দক্ষিণ লেবাননের আলি আল-তাহের পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। পরে সংগঠনটি জানায়, রকেট ও ড্রোন হামলার মাধ্যমে তারা একটি ইসরায়েলি সামরিক দলকে পিছু হটতে বাধ্য করেছে।