মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪১ এএম
ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের আগেই প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, এটি ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি এবং আলোচনার শুরু থেকেই এ বিষয়ে জোর দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই তা কার্যকর করা হয়েছে।
এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।
তবে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) সোমবার জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত অবরোধ বহাল থাকার কথা।
এদিকে ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে তেহরান।
পরে ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সমঝোতা আলোচনার মধ্যেই সেই অবরোধ প্রত্যাহারের বিষয়টি সামনে আসে।