পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না, রাগে ৩ বছরের ছেলেকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
ভারতের উত্তর প্রদেশের মথুরায় কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না করায় তিন বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনার প্রায় এক মাস পর ফোনালাপের সূত্র ধরে বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ জানায়, গত ২৮ জুন বালদেও থানার ছাউলি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা কৃষ্ণ মুরারি গুপ্তা দোকানে থাকাকালে তার স্ত্রী রুচি জিন্দাল ফোন করে জানান, দীর্ঘক্ষণ কান্নাকাটির পর তাদের ছেলে অচেতন হয়ে পড়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে মথুরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দিন শিশুটিকে পোলিওর টিকা খাওয়ানো হয়েছিল। এ কারণে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেন। পরে কোনো অভিযোগ ছাড়াই শিশুটির মরদেহ দাফন করা হয়।
পুলিশের দাবি, গত সোমবার শিশুটির বাবা তার স্ত্রীকে কথিত প্রেমিকের সঙ্গে ফোনে ঘটনার বিস্তারিত বলতে শুনে সন্দেহ করেন। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত নারী সন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির চাচা গোবিন্দ গুপ্তার অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বালদেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় শর্মা জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি