জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোটো প্রিফেকচারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের কুমামোটো অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য বসতবাড়ি, বাণিজ্যিক ভবন ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে কাশিমা শহরের ঐতিহাসিক ‘এওন শপিং সেন্টারে’। ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর ভবনটির সংস্কার করা একটি অংশ ধসে পড়ে এবং সেখানে তীব্র গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার কারখানার একটি অংশ ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদিকে উদ্ধার তৎপরতায় নতুন করে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপদাহ। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, কুমামোটোতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ পরিস্থিতিতে প্রায় ৯ হাজার আশ্রয়প্রার্থী ও উদ্ধারকর্মীদের হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত এলাকায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষের বড় একটি অংশ প্রবীণ হওয়ায় তাদের অনেকেই অতিরিক্ত গরমজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জরুরি ভিত্তিতে ৩০০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন।
এদিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অনেক বাসিন্দা নিজেদের বাড়ি ছেড়ে গাড়িতেই রাত কাটাচ্ছেন। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবারের মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১০০টিরও বেশি অনুকম্পন রেকর্ড করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনীর যৌথ উদ্ধারকারী দল এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।