ইরান আমাদের সম্মান করে: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং তেহরান ওয়াশিংটনকে সম্মান করে। একই সঙ্গে তিনি সামরিক অভিযানের পরিবর্তে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেছেন।
স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) লাস ভেগাসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ নয়, আলোচনার পথকেই বেশি গুরুত্ব দেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মানুষ হত্যা করতে চাই না। তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই।’
তিনি দাবি করেন, তাঁর প্রশাসন ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা’ চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে আলোচনায় আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়।
ট্রাম্পের ভাষ্য, ইরানের কর্মকর্তারা তাঁকে ফোন করে হামলা না চালিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। যদিও পরে তারা এমন কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছে। এরপরও তাঁর দাবি, আলোচনা চলছে এবং ইরান যুক্তরাষ্ট্রকে সম্মান করে।
এ সময় তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
জ্বালানি বাজার নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরানকে ঘিরে চলমান অচলাবস্থার অবসান হলে আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে পেট্রলের দামও হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালির নিরাপত্তা এবং অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা নিয়ে মতপার্থক্য সৃষ্টি হওয়ায় সেই আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।
এদিকে গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালানোর পর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে।