ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাঝাগমের প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে তিনি মামলা প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। এর ফলে বহুল আলোচিত এই পারিবারিক আইনি বিরোধের সমাপ্তি ঘটেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য জীবনের মতপার্থক্যের কথা উল্লেখ করে বৈবাহিক সম্পর্কের অবসান, স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বৈবাহিক বাসভবনে বসবাসের অনুমতি চেয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৫ জুনসহ পরবর্তী শুনানিগুলোতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলেও সঙ্গীতা আদালতকে মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরে শুক্রবার আদালতের আদেশের মাধ্যমে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে আন্তঃধর্মীয় বিয়ে করেন বিজয় ও সঙ্গীতা। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ২০২৩ এবং ২০২৫ সালের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতিকে ঘিরে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে সরকার গঠন করে।