জো বাইডেনের হাড়সহ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ক্যানসার ছড়িয়ে পড়ায় ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করছেন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন বাবার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বাবার বর্তমান অবস্থা দেখা অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। পরিস্থিতি ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।
হান্টার জানান, ক্যানসার জো বাইডেনের হাড় এবং শরীরের দূরবর্তী বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এতে তিনি অত্যন্ত কষ্ট ও দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে তার বাবা এখনও সক্রিয় থাকার চেষ্টা করছেন বলে জানান হান্টার।
২০২৫ সালের মে মাসে জো বাইডেনের শরীরে আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে তাকে দেওয়া ক্ষমার বিষয়েও কথা বলেন। তিনি জানান, বাবার এই সিদ্ধান্তের জন্য তিনি চিরকৃতজ্ঞ এবং নিজেকে এ বিষয়ে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করেন।
২০২৪ সালের ডিসেম্বরে জো বাইডেন বিশেষ আদেশের মাধ্যমে তার ছেলে হান্টার বাইডেনকে পূর্ণ ক্ষমা করেন। এর মাধ্যমে আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় হান্টারের বিরুদ্ধে দেওয়া কেন্দ্রীয় আদালতের রায় কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এর আগে নিজের ছেলের বিষয়ে ক্ষমা প্রদর্শন না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন।
সূত্র: সিএনবিসি