২১ বছরের সংসারে ইতি, স্ত্রীর প্রেমিকের সঙ্গেই নিজ হাতে বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে স্ত্রীর প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। শুধু বিয়ের আয়োজন করেই থেমে থাকেননি তিনি; নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং পরে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পরিবার ও স্থানীয় গ্রামপ্রধানের বরাত দিয়ে জানানো হয়েছে, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি ২১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৮ বছর।

তবে কয়েক মাস আগে ২৬ বছর বয়সী অবধেশ নামের এক যুবকের সঙ্গে ফুলমতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে বুদ্ধিরাম ও ফুলমতির সংসারে শুরু হয় অশান্তি। একপর্যায়ে প্রায় দুই মাস আগে অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান ফুলমতি।

পরে পরিবারের সদস্যদের অনুরোধে ফুলমতি বাড়িতে ফিরে এলেও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও কলহ থামেনি। প্রতিদিনের এই অশান্তি থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম।

তিনি সিদ্ধান্ত নেন, স্ত্রী যেহেতু অবধেশের সঙ্গেই থাকতে চান, তাই তাকেই স্ত্রীর সঙ্গে বিয়ে দেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতি ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে বুদ্ধিরাম নিজেও উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি স্ত্রী ফুলমতিকে তার প্রেমিক অবধেশের সঙ্গে বিদায় দেন।

নিজের এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বুদ্ধিরাম সাংবাদিকদের বলেন, ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করলেও বর্তমানে তিনি আর তার সঙ্গে থাকতে চান না। এ নিয়ে বাড়িতে প্রতিদিন ঝগড়া ও অশান্তি হচ্ছিল। তাই স্ত্রী যার সঙ্গে থাকতে চান, শেষ পর্যন্ত তার সঙ্গেই তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970