দীর্ঘদিন পর প্রকাশ্যে মোজতবা খামেনি, সামনে এলো ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দীর্ঘদিন পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তাঁর ছেলে মোজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনসমক্ষে খুব একটা উপস্থিত হননি। যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই তিনি দেশটির নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মেহের নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মোজতবা খামেনিকে ঘিরে রয়েছেন। এ সময় তাঁকে আশপাশের ব্যক্তিদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহের নিউজ। একইভাবে মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটির ধারণের সময় ও স্থান সম্পর্কে মেহের নিউজ কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। ওই হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হন।

এর প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

দীর্ঘ বিরতির পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও প্রকাশ্যে আসায় তাঁর শারীরিক অবস্থা, নিরাপত্তা এবং বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে দেশটির বিশেষজ্ঞ পরিষদ তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970