ইসলাম গ্রহণের পাঁচ মাসেই কুরআনের হাফেজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

ছবি: সংগৃহীত

ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির তরুণ পেন্ট্রা বুশিমা আমিন। এবার সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন তিনি।

৬ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত। এতে পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসিরের বিভিন্ন বিভাগে বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন।

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর আহ্বানে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন পেন্ট্রা। ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও জীবনাদর্শ তাকে গভীরভাবে আকৃষ্ট করে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তার সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে বাবা-মা ও এক বোনসহ পরিবারের আরও চার সদস্য ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পরপরই পবিত্র কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করেন পেন্ট্রা। অদম্য আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ কুরআন হিফজ করেন তিনি। পরবর্তী সময়ে নিয়মিত পুনরাবৃত্তি ও অনুশীলনের মাধ্যমে নিজের হিফজ ও তিলাওয়াত আরও শুদ্ধ ও দৃঢ় করেন।

এরপর বুরুন্ডির একটি জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রায় ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন পেন্ট্রা। এই সাফল্যের ধারাবাহিকতায় সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন। পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পেন্ট্রা।

তিনি বলেন, ইসলাম গ্রহণের মাত্র এক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় অর্জন। কুরআন ও কুরআনের খাদেমদের প্রতি সৌদি আরবের নেতৃত্বের পৃষ্ঠপোষকতারও প্রশংসা করেন তিনি। একই সঙ্গে এমন আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।

আন্তর্জাতিক ইসলামি সংবাদ সংস্থা আইকিউএনএ ও সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, পেন্ট্রা বুশিমা আমিনের এই অনুপ্রেরণাদায়ক গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইসলাম গ্রহণের অল্প সময়ের মধ্যেই কুরআন হিফজ সম্পন্ন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজ দেশের প্রতিনিধিত্ব করার এই অর্জন কুরআনের প্রতি ভালোবাসা, অধ্যবসায় ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970