ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটির পুলিশপ্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-রাশিদ সড়কে গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটির পুলিশপ্রধান কর্নেল জামাল আবু কামিল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ৪৩ বছর বয়সী জামাল আবু কামিল নিহত হন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের এক সপ্তাহের বিমান হামলার বিরতি শেষ হওয়ার এক দিন পর এই হামলার ঘটনা ঘটে। তবে ওই বিরতির মধ্যেও প্রাণঘাতী স্থল হামলা বন্ধ হয়নি। অক্টোবরে সম্মত হওয়া তথাকথিত যুদ্ধবিরতি ইসরায়েল অব্যাহতভাবে লঙ্ঘন করছে বলেও অভিযোগ রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আবু কামিলকে ‘হুমকি’ হিসেবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তারা দাবি করেছে, তিনি হামাসের একজন কমান্ডার ছিলেন।
তবে গাজার পুলিশ বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা জানায়, আবু কামিল পুলিশের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না।
এদিকে হামাসও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। সংগঠনটি ঘটনাটিকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে গাজা উপত্যকায় বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ইসরায়েলি প্রচেষ্টারও সমালোচনা করেছে তারা।
এর আগে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনের একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হন।