মার্কিন সেনা হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম
যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে হত্যা বা আটক করে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো ইরানি নারী এ কাজ করতে পারলে তাকে দেওয়া হবে দ্বিগুণ অর্থাৎ ৬০ হাজার ডলার।
রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইরানের সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, মার্কিন সেনাদের হত্যা বা আটকের বিনিময়ে অর্থ পুরস্কার দেওয়ার অনুরোধ করেছেন দেশটির অনেক নাগরিক। এ কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানি সেনাপ্রধান বলেন, হামলা চালাতে আসা কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করে ইরানি বাহিনীর কাছে হস্তান্তর করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ৩০ হাজার ডলার বা ৫ বিলিয়ন তোমান পুরস্কার দেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো সাহসী ইরানি নারী যদি একই কাজ করতে পারেন, তাহলে তাকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ভেতরে নিজেদের সেনা মোতায়েন করেনি। এর আগে এপ্রিলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর বিমানের পাইলট ও অপর এক ক্রুকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করেছিল। উদ্ধার অভিযান শেষ করে তারা সেখান থেকে ফিরে যায়।
ইরানের এমন ঘোষণাকে ঘিরে দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।