প্রথম আলোর সম্পাদকসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:১১ পিএম
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন স্থানীয় বেসরকারি সংস্থা পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির।
মামলায় আদালত বিচারক মোছা. তানজিনা তানিন তা গ্রহণ করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।
অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই শেষে পাশা সংস্থাকে ১০ হাজার ৫৫৯ জন নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেয়।
পরে ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে “এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বাদীপক্ষের দাবি, ওই প্রতিবেদনে সংস্থার বিরুদ্ধে তথ্যবিহীন ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে, যা দেশ-বিদেশের দাতা সংস্থা, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এতে সংস্থার দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়া নির্বাচন কমিশনের পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয়, প্রতিবেদনে সংস্থাটিকে নামসর্বস্ব, নিজস্ব প্রকল্পবিহীন এবং অর্থের বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ রয়েছে বলে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়া সংস্থার প্রধান কার্যালয়ের ছবি বিকৃত করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের দাবি, এসব কারণে সংস্থাটির প্রায় ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। আইনি নোটিশ দেওয়ার পরও সন্তোষজনক জবাব না পাওয়ায় তারা আদালতে মামলা করেন।
মামলায় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম জানান, আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।