দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:১৯ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিষয়টি বিচার বিভাগের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা স্থানীয় মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের বাসিন্দা শাকিল হোসেন। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাবার কাছে গিয়ে ঘটনাটি জানায়।
ঘটনার দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে গাংনী থানায় অভিযুক্ত শাকিল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির বাবা।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে মামলার রায় ঘোষণা করা হয়। দ্রুত সময়ে বিচার সম্পন্ন হওয়াকে শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর তুহিন অরণ্য। তিনি বলেন, মেহেরপুর বিচার বিভাগের ইতিহাসে এত অল্প সময়ে রায় ঘোষণার ঘটনা এই প্রথম, যা বিচারপ্রার্থীদের জন্য আশাব্যঞ্জক।