রামিসা হত্যা মামলায় সোহেল ও স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:৩৫ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন।
মামলার নথি অনুযায়ী, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে ঘর থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে রুমের ভেতরে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে স্কুলে যাওয়ার জন্য খুঁজতে থাকেন তার মা। একপর্যায়ে আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান তিনি। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাবা-মা ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
পরদিন ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। গ্রেফতারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি জানান, ঘটনার সময় তিনি মাদক সেবন করেছিলেন।
জবানবন্দিতে তিনি আরও দাবি করেন, ঘটনার সময় তার স্ত্রী স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন। পরে তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন এবং মরদেহ গুমের চেষ্টা করেন বলে আদালতে স্বীকার করেন।
পুলিশের অভিযোগপত্রে বলা হয়, ঘটনার পর আসামিরা পরিকল্পিতভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেন।