রামিসা ধর্ষণ-হত্যা মামলা: প্রস্তুত পেপারবুক, হাইকোর্টে শুনানির অপেক্ষায় ডেথ রেফারেন্স

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৩১ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার শুনানি শুরু হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এর আগে গত ৯ জুন পল্লবীর এই আলোচিত মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) সংক্রান্ত নথি হাইকোর্টে আসে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণার পর প্রয়োজনীয় স্বাক্ষর সম্পন্ন করে নথি হাইকোর্টে পাঠান।

ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

গত ৭ জুন আদালত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের পাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পরিশোধ না করলে আসামিদের সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও রায়ে উল্লেখ করা হয়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আসামির স্বীকারোক্তি প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় দোষ স্বেচ্ছায় স্বীকারের বিষয়টি স্পষ্ট হয়। একই সঙ্গে আসামি স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতা ও প্রতিরোধে ব্যর্থতার প্রমাণও উঠে আসে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970