তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২ আগস্ট শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথিকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। এরপর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

হাফিজুর রহমানের জামিনের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিলের আবেদন নিয়ে চেম্বার আদালতের দ্বারস্থ হয়।

শুনানি শেষে আদালত হাফিজুর রহমানের জামিন বাতিলের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দীর্ঘ প্রায় ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরাণীগঞ্জে নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970