সালমান শাহ হত্যা মামলা

ওমরাহ পালনে সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার ডন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি ও চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর্যায়ে তাকে আটক করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডি সূত্র জানায়, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা করেন তার মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন ডন। রোববার ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের নজরে পড়েন তিনি। পরে তাকে আটক করে সিআইডিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, মামলাটির অধিকতর তদন্ত বর্তমানে সিআইডি করছে। ডনকে গ্রেপ্তারের ফলে তদন্তে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বছর আদালত সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। একই সময়ে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। দীর্ঘ সময়ে বিভিন্ন তদন্ত সংস্থা তার মৃত্যুর ঘটনা অনুসন্ধান করেছে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে। তবে ওই প্রতিবেদন মেনে নেয়নি তার পরিবার ও ভক্তদের একটি অংশ।

এরপর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত করছে সিআইডি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970