সালমান শাহ হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ডনকে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এর আগে আশরাফুল হক ডনকে জামিনে মুক্তি দেওয়া হলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে এবং তিনি পুনরায় আত্মগোপনে চলে যেতে পারেন—এমন আশঙ্কা জানিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশরাফুল হক ডনকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে এজলাসে তোলা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, আশরাফুল হক ডন সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গত বছরের ২১ অক্টোবর মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছিল। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তিনি আবারও পলাতক হতে পারেন বলে আশঙ্কা করছে তদন্ত সংস্থা। এ কারণে তার জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
বর্তমানে আলোচিত এ মামলার তদন্ত করছে সিআইডি। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা এরই মধ্যে আটবার পিছিয়েছে। সর্বশেষ আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।