রামিসা ধর্ষণ-হত্যা মামলা: রোববার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আগামী রোববার (১৬ আগস্ট) হাইকোর্টের বিশেষ বেঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে।

আগামী রোববারের কার্যতালিকায় মামলাটি ২২ নম্বরে রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানিয়েছেন, ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি এবং মাগুরার শিমু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরপরই রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হতে পারে।

এর আগে একই হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং অপরাধে তাকে সহায়তার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে দোষী সাব্যস্ত করেন আদালত।

অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকে তারা কনডেম সেলে বন্দী রয়েছেন। পরে বিচারিক আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে তারা জেল আপিল করেন। সেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিই এবার হাইকোর্টে শুরু হতে যাচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970