নিয়োগের ১৮ দিনের মাথায় আরও এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম
নিয়োগের এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন আরও এক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। নুরুল করীম নামে ওই আইন কর্মকর্তা ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেন নুরুল করীম।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত কারণে এখন আর দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এর আগে গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটাই ছিল ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে প্রথম নিয়োগ।
ওই নিয়োগের ১৮ দিনের মাথায় নুরুল করীম পদত্যাগ করলেন। এর আগে নিয়োগের মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পদত্যাগপত্র দেন মো. মাহফুজুর রহমান নামে আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল।
মাহফুজুর রহমানের নিয়োগ আদেশ বাতিল করে গত ৬ আগস্ট প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।
অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই নতুন করে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।