‘নির্বাচিত সরকারের মতোই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের আছে’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:২৫ এএম
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ক্ষমতা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সমান। নির্বাচিত রাজনৈতিক সরকার যেসব সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও তা নিতে সক্ষম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে প্রকাশিত রুলের শুনানির পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, রিট আবেদনকারীরা দাবি করছেন—পিপিপি আইনের ৭ ধারা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের উপস্থিতি প্রয়োজন। তবে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারাই সেই দায়িত্ব পালন করতে পারেন।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, এনসিটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শুধু প্রাথমিক কথাবার্তা চলছে। তাই এই পর্যায়ে রিট গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বলা হয়েছে—অপরিণত পর্যায়ে কোনো সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার যোগ্য নয়। তিনি বলেন, “আমরা আইনের মধ্যেই আছি। দেশীয় বা বিদেশি যাকে দেওয়া হবে, তা আইনেই আমাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে।”
অন্যদিকে রিটকারীদের আইনজীবীরা যুক্তি দেন, বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের হওয়া উচিত। এ বিষয়ে প্রশ্ন করলে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি তাদের মত। তবে আমরা বলেছি—নির্বাচিত সরকার যেমন সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে।”
এদিন হাইকোর্ট এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত রুলের শুনানি শেষ করেছে। রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের দিন ঠিক করেন।