শিক্ষাব্যবস্থা যে উচ্চতায় যাচ্ছে, নোট গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৪২ পিএম
শিক্ষাব্যবস্থা ভবিষ্যতে এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে নোট ও গাইড বইয়ের আর প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি শিক্ষকদের নোট গাইড নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের জন্য সহযোগী বইয়ের তালিকা দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা এমন দিকে অগ্রসর হচ্ছে, যেখানে নোট গাইডের প্রয়োজন ধীরে ধীরে কমে যাবে। শিক্ষকরা যে নির্দিষ্ট নোট গাইড অনুসরণ করতে বলেন, সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের জন্য সহযোগী বইয়ের তালিকা তৈরি করে দেওয়া, যাতে শিক্ষার্থীরা সেই বইগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারে।
বইয়ের ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধা ও সম্মতি থাকলে বই বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কোনো আপত্তি নেই।
শিক্ষামন্ত্রী দাবি করেন, বাংলাদেশে তুলনামূলকভাবে কম খরচে বই তৈরি ও বিক্রি করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, মুদ্রণশিল্পে সবাইকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। বইয়ের ব্যবসা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় বই ছাপানোর ক্ষেত্রে মানসম্মত কাগজ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।